অনলাইন ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জনগণের সমর্থনই জিয়া পরিবারের শক্তি এবং প্রেরণার মূল উৎস। তিনি আরও জানান, বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যে সহায়তা ও শুভকামনা জানানো হচ্ছে, তা তাদের জন্য অমূল্য সহায়ক।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তারেক রহমান বলেন, ‘‘বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিক এবং বন্ধুদের উদ্বেগ, উৎকণ্ঠা এবং বাংলাদেশের মানুষের অসীম ভালোবাসা ও দোয়া আমাদের অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করেছে।’’
তিনি আরও বলেন, ‘‘দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি এবং প্রেরণার উৎস। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি। এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি।’’
এদিকে, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির মতো বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানের পর অসুস্থ হয়ে পড়েন এবং ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত এবং তার অবস্থাও কিছুটা জটিল।
বর্তমানে খালেদা জিয়াকে আইসিইউ সমমানের হাইডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এ স্থানান্তর করা হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান জানান, ‘‘ম্যাডাম বর্তমানে খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। জাতির কাছে দোয়া চাই।’’

অনলাইন ডেস্ক 

















